বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করা হয়েছে, সেটি এক বছরে সমাধান করা সম্ভব নয়। সবকিছু নিয়ন্ত্রণ করে আমলারা। রাতারাতি কোনো সমাধান আসবে না। তবে নির্বাচিত প্রতিনিধিদের অন্তত ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনের মাধ্যমে যদি বারবার প্রতিনিধিদের বাছাই করা যায়, তাহলে জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকবে।”
তিনি আরও বলেন, “যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতির কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে— তা একদিনে সম্ভব নয়। একদিনে দুর্নীতি দূর করা যাবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে রাতারাতি কিছুই সম্ভব নয়।”
মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু সেই সময়ে বিষয়গুলোকে ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এতে হতাশা তৈরি হচ্ছে। তর্ক-বিতর্ক থাকবে, মতপার্থক্য থাকবে। কিন্তু আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে হতাশা ক্রমশ বাড়ছে।
আপনার মতামত লিখুন :