ক্রীড়া প্রতিবেদক
১৯০৮ সালের ২৭ আগস্ট, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর কুটামুন্ডিতে জন্ম নিলো একটি ছেলে। নাম রাখা হলো ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। আজ থেকে ঠিক ১১৭ বছর আগে, এই দিনেই জন্ম নিয়েছিল ছেলেটি। কে জানতো, এই ছেলেটিই একদিন ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে উঠবে! এমন এক নাম, যার কাছে ক্রিকেটের পরিসংখ্যান আর রেকর্ডগুলো যেন নতজানু! এটি তার জীবনের গল্প, এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। ডন ব্র্যাডম্যানের শৈশব ছিল আর আট-দশটা ছেলের মতোই সাধারণ; কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল অসাধারণ প্রতিভা।
গ্রামের বাড়ির উঠোনে, একটি গলফ বল, একটি ক্রিকেট স্টাম্প আর একটি পানির ট্যাঙ্কই ছিল তার প্রথম ক্রিকেট মাঠ। ঘণ্টার পর ঘণ্টা, সে গলফ বলটি দেয়ালে ছুঁড়ে মারতো, আর ফিরে আসা সেই বলটিতে স্টাম্প দিয়ে আঘাত করতো। এই খেলায় তার চোখ, হাত আর মনের সমন্বয় এতটাই নিখুঁত হয়ে উঠল যে, পরবর্তী জীবনে এটিই তাকে অপ্রতিরোধ্য এক ব্যাটারে পরিণত করেছিল। ১৯২০-২১ মৌসুমে, অল্পবয়সী ডন ব্র্যাডম্যান তার মামা জর্জ হোয়াটম্যানের নেতৃত্বে স্থানীয় বোরাল দলের স্কোরার হিসেবে কাজ করেন। ১৯২০ সালের অক্টোবরে, দলে একজন খেলোয়াড় কম থাকায় ব্র্যাডম্যানকে সুযোগ দেয়া হয়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেই হাতেখড়ি।
প্রথম ম্যাচেই দুই ইনিংসে ছিলেন অপরাজিত। করেন ৩৭* ও ২৯* রান করেন। ওই মৌসুমে, তার বাবা তাকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পঞ্চম অ্যাশেজ টেস্ট দেখতে নিয়ে যান। ওইদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মুগ্ধতায় তিনি বাবাকে বলে বসেন, ‘এ মাঠে না খেলা পর্যন্ত আমার তৃপ্তি হবে না।’ ১৯২২ সালে ব্র্যাডম্যানের সামনে কঠিন এক প্রশ্ন হয়ে হাজির হয়- ক্রিকেট নাকি টেনিস? স্কুল ছাড়ার পর, ব্র্যাডম্যান স্থানীয় একটি রিয়েল এস্টেট এজেন্টের অধীনে কাজ শুরু করেন, যিনি তার খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহ দিয়ে প্রয়োজনীয় ছুটি দিয়ে দিতেন। দুই বছরের জন্য ব্র্যাডম্যান ক্রিকেট ছেড়ে টেনিসে মনোনিবেশ করেন; কিন্তু ১৯২৫-২৬ মৌসুমে আবার ক্রিকেটে ফিরে আসেন আসেন।
বোরাল দলের হয়ে তিনি নিয়মিত খেলা শুরু করেন। এ সময় তার অসাধারণ পারফরম্যান্স সিডনির সংবাদপত্রগুলোর দৃষ্টি আকর্ষণ করে। বেরিমা ডিস্ট্রিক্ট প্রতিযোগিতায় ম্যাটিং-ওভার-কংক্রিট পিচে খেলা বোরাল দলের হয়ে তিনি উইঙ্গেলোর বিপক্ষে ২৩৪ রান করেন, যে দলে ভবিষ্যৎ টেস্ট বোলার বিল ও’রাইলিও ছিলেন। মস ভেলের বিপক্ষে প্রতিযোগিতার ফাইনালে, টানা পাঁচ শনিবার ধরে চলা ম্যাচে, ব্র্যাডম্যান অপরাজিত ৩২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আপনার মতামত লিখুন :