শুক্রবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এই সহিংসতার সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
আইএসপিআর জানিয়েছে, প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে সংঘর্ষ বৃদ্ধির কারণে তারা সেনাবাহিনীর সহায়তা চায়। সংঘর্ষ চলাকালীন পুলিশও হামলার মুখে পড়ে এবং কয়েকজন সদস্য আহত হন।
ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে এবং আইন মেনে আচরণ করার জন্য অনুরোধ জানায়। কিন্তু কিছু নেতাকর্মী তা অগ্রাহ্য করে মব ভায়োলেন্স চালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা বাড়ায়।
বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করে। সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, বাংলাদেশের সরকার সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সব সময় প্রস্তুত।
আপনার মতামত লিখুন :