দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দু’দিনের সফর শেষে শনিবার (৩০ আগস্ট) তিনি চীনের তিয়ানজিনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় এ বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে। সীমান্ত ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা এবং ২০২০ সালের লাদাখের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে দিল্লি ও বেইজিং।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এবারের আলোচনায় সীমান্ত দ্বন্দ্ব ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং মার্কিন শুল্ক প্রসঙ্গ উঠে আসবে। এর আগে গত মাসে দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং সীমান্ত সমস্যা সমাধানে সক্রিয় উদ্যোগের সিদ্ধান্ত হয়। মোদি নিজেও মন্তব্য করেছেন, চীন-ভারত সম্পর্ক আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।
আপনার মতামত লিখুন :