ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা সোয়া ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটাল পর্যন্ত মিছিলটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ নেতাকর্মী এতে অংশ নেন এবং মিছিল থেকে একটি ককটেলও বিস্ফোরিত হয়। পরে মিছিলকারীরা দ্রুত সরে যায়।

মিছিল থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “২৫-৩০ জনের একটি মিছিল বের হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও আমরা কাউকে পাইনি।”

এর আগে গুলিস্তানেও আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারত গমনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। এ সময়ে দলের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন, বাকিরা আত্মগোপনে রয়েছেন। তবুও ঢাকাসহ বিভিন্ন স্থানে মাঝে মাঝে ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে।