প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানাল এনসিপি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় বৈঠকে আগামী নির্বাচনে অবশ্যই গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন। বৈঠকে এনসিপির পক্ষ থেকে শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। প্রধান উপদেষ্টার সঙ্গে আইন ও নিরাপত্তা উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা আরও বলেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। তাই জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমও স্থগিত করার জন্য সরকারের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতার ওপর প্রধান উপদেষ্টার মনোযোগ দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়।