বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার না আসা পর্যন্ত গণতন্ত্র সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। তিনি সতর্ক করে বলেন, অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান, কিছু রাজনৈতিক দল নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।
রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠাই বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে জনগণের অধিকার চর্চার পথে বাধা দিলে কোনও সংস্কার টেকসই হবে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার হলেও এর ক্ষমতা সীমিত। তাই যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতা আরও দৃশ্যমান হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি মানে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়; বরং জনগণের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন করা। আসন্ন নির্বাচনে বিএনপি সতর্ক থাকবে এবং গণতন্ত্র, ন্যায়, বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কখনো পিছপা হবে না।
আপনার মতামত লিখুন :