ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ থাকলেও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। রবিবার ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি ভিলা স্কোয়াডে ছিলেন না।
ম্যাচ শেষে ভিলার কোচ উনাই এমেরি বলেন, “আমাদের মার্তিনেজকে নিয়ে পরিস্থিতি পরিষ্কার করতে হবে, শিগগিরই সমাধান করা হবে।”
প্রিমিয়ার লিগে এখনো জয়ের দেখা পায়নি ভিলা। তিন ম্যাচে দুই হার ও এক ড্র-এর পাশাপাশি তারা এখন পর্যন্ত একটিও গোল করতে পারেনি—যা ইংল্যান্ডের শীর্ষ চার ডিভিশনে একমাত্র রেকর্ড।
অন্যদিকে, গোলরক্ষক সমস্যার সমাধানে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড মার্তিনেজের পাশাপাশি রয়্যাল অ্যান্টওয়ার্পের তরুণ বেলজিয়ান গোলকিপার সেনে লামেন্সের সঙ্গেও যোগাযোগ করেছে। তবে অভিজ্ঞতার ঘাটতি থাকায় লামেন্সের বদলে বিশ্বকাপজয়ী মার্তিনেজকেই তারা বেশি কার্যকর বিকল্প মনে করছে।
সূত্র বলছে, ইউনাইটেড শেষ পর্যন্ত শুধু একজন গোলকিপারই কিনবে। গ্রীষ্মের শুরুতে মার্তিনেজকে লোনে নেওয়ার চেষ্টা করেছিল তারা, তবে ভিলা রাজি হয়নি।
ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের ভাষায়, “এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার হওয়া সবচেয়ে কঠিন কাজ।”
আপনার মতামত লিখুন :