ইউক্রেন সংকট সমাধানে ভারত-চীনের ভূমিকায় পুতিনের প্রশংসা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নিরসনে ভারত ও চীনের ভূমিকার প্রশংসা করেছেন। সোমবার চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে বক্তব্য রাখার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। দুই নেতা একই গাড়িতে করে বৈঠকের স্থানে পৌঁছান।

পুতিন বলেন, “ইউক্রেন সংকট নিরসনে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমরা তাদের প্রচেষ্টার প্রশংসা করি।” তিনি আরও জানান, ন্যাটো ও পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপই দীর্ঘ সাড়ে তিন বছরের যুদ্ধের মূল কারণ।

এ সময় তিনি শুধু ভারত ও চীন নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকেও স্বাগত জানান। পুতিন উল্লেখ করেন, ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়া-আমেরিকার বৈঠকে একটি সমঝোতা হয়েছে, যা ভবিষ্যতে লক্ষ্য পূরণে সহায়ক হবে। তবে তিনি সমঝোতার বিস্তারিত প্রকাশ করেননি।

বিশ্লেষকদের মতে, পশ্চিমাদের অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি নয়াদিল্লি, বেইজিং এবং ওয়াশিংটনের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে পুতিন মূলত ভারসাম্যপূর্ণ কূটনৈতিক বার্তা দিয়েছেন।