সুদানে ভয়াবহ ভূমিধস: এক গ্রামের প্রায় পুরো জনপদ নিশ্চিহ্ন, নিহত অন্তত এক হাজার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গৃহযুদ্ধ আর মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদান আবারও কেঁপে উঠল প্রাকৃতিক দুর্যোগে। পশ্চিমাঞ্চলের মারামাউন্টেইনস এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম প্রায় পুরোপুরি মাটিচাপা পড়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) দাবি করেছে, এতে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি।

এসএলএম-এর ভাষ্য অনুযায়ী, ধসে চাপা পড়া গ্রামের জীবিত বেঁচে আছেন মাত্র একজন। বাকিরা সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। কয়েক দিন টানা ভারী বর্ষণের পর ৩১ আগস্ট এই মর্মান্তিক ভূমিধস ঘটে।

ভূমিধসে ক্ষতিগ্রস্তরা ছিলেন মূলত যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থী নারী ও শিশু। অনেকেই আগে থেকেই অপুষ্টি ও দুর্বল স্বাস্থ্য নিয়ে বেঁচে ছিলেন। তাদের জন্য এই ধস হয়েছে এক অমানবিক ট্র্যাজেডি।

এখনও উদ্ধারকাজ শুরু হয়নি। সরঞ্জাম ও জনবলের অভাবে এসএলএম জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কাছে জরুরি সহায়তা চেয়েছে।

প্রসঙ্গত, সুদানে প্রায় দুই বছর ধরে সরকারি বাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ইতোমধ্যে লাখ লাখ মানুষ ঘরহারা, হাজারো মানুষ নিহত। জাতিসংঘ জানিয়েছে, দেশটির প্রায় অর্ধেক জনগণ এখন চরম খাদ্যসংকটে ভুগছে। এর মধ্যেই যুক্ত হলো মারামাউন্টেইনসের এই মৃত্যুবাহী ভূমিধস।