৩৮ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারি: বরখাস্ত সহকারী কর কমিশনার মিতু


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আয়কর নথি গোপনে সরবরাহের অভিযোগে আলোচিত এক ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। আয়কর আইনজীবীর মাধ্যমে করদাতা সালাহ উদ্দিন আহমেদ-এর কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার প্রমাণ মিললে তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, মিতু ঘুষের বিনিময়ে করদাতার প্রতিনিধিকে দিয়েছেন সংবেদনশীল নথিপত্র—যার মধ্যে পুরোনো আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশ, অর্ডার শিট, এমনকি আপিল ও ট্রাইব্যুনালের আদেশও ছিল।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৮ সালের বিধি–১২ অনুযায়ী, বরখাস্তকালীন তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে থাকবেন এবং নিয়মমাফিক খোরপোষ ভাতা পাবেন।

👉 এনবিআরের ইতিহাসে বড় অঙ্কের এ ঘুষ কেলেঙ্কারি দুর্নীতিবিরোধী পদক্ষেপকে নতুন করে আলোচনায় এনেছে।