বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার বোর্ডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন। মাত্র তিন মাস আগে সাময়িকভাবে সভাপতির দায়িত্ব নেওয়া বুলবুল জানালেন, দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও দীর্ঘ সময় কাজ করতে চান তিনি।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। আমি সঠিক নির্বাচনের মাধ্যমে সেখানে থাকতে চাই।”
আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসিতে দীর্ঘ অভিজ্ঞতার পর দেশের ক্রিকেটে যুক্ত হওয়া বুলবুল শুরুতে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিলেও, বিসিবিতে কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে তার।
এর আগে গত ২৮ আগস্টও বুলবুল ইঙ্গিত দিয়েছিলেন, বোর্ডে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তার। এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে সেই জল্পনাই সত্যি করলেন তিনি।
আপনার মতামত লিখুন :