দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধের ঝুঁকি: আমীর খসরু


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লবোত্তর দেশগুলোতে যদি দ্রুত নির্বাচন না হয়, তবে সেখানে গৃহযুদ্ধ ও অস্থিরতা নেমে আসে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস: হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বে জড়ালে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। একই সঙ্গে পরিবর্তনের বাস্তবতা যারা ধারণ করতে পারবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎও ভালো হবে না।

আমীর খসরু অভিযোগ করেন, একদল মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে সুবিধা নেয়ার জন্য, আরেক দল আবার ভিন্নভাবে সুযোগ নিতে চাইছে। তিনি বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লবের পর নির্বাচনী প্রক্রিয়ায় দ্রুত গণতন্ত্রে ফিরতে পেরেছে, তারা স্থিতিশীল থেকেছে। অন্যদিকে, যেসব দেশে দাবিদাওয়ার লড়াই দীর্ঘায়িত হয়েছে, সেখানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে।

বাংলাদেশ অনেক আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পারত উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের অভাবে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি ব্যবসা-বাণিজ্যও সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।