রাজধানীতে সোহাগ পরিবহন কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত তার গাড়িচালক মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কাউন্টারের সামনে দুই যুবক সিগারেট খাচ্ছিলেন। কর্মচারীরা নিষেধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর তারা ৬০ থেকে ৭০ জনকে নিয়ে ফিরে আসে এবং স্লোগান দিতে দিতে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। কাচ-আসবাবপত্র ধ্বংসের পাশাপাশি কাউন্টারের কর্মচারী ও যাত্রীদের ওপরও হামলা চালানো হয়। পরে আলী হাসান পলাশের বাসায়ও হামলার চেষ্টা হয়, তবে ভেতরে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা।

সোহাগ পরিবহন কর্তৃপক্ষের দাবি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। পলাশের ভাই মাজেদুল হক নাদিম বলেন, “বিল্লালের নেতৃত্বেই এই হামলা হয়েছে। পলাশ ভাইকে মারধর, গাড়ি ভাঙচুর এবং ড্রাইভার মাসুদকে গুরুতর আহত করা হয়েছে।”

এ ঘটনায় আতঙ্কে আশপাশের মানুষ ছুটোছুটি শুরু করে। হামলার পর আহতদের সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রমনা মডেল থানার ডিউটি অফিসার এআই আশরাফুল ইসলাম জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি তদন্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা নির্বিচারে হামলা চালিয়েছে।

রমনা থানার এসআই মো. নাহিদ বলেন, “ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।” তবে কারা জড়িত তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।