ঢাকার মোহাম্মদপুর থেকে ৭ অগাস্ট তাকে গ্রেপ্তার করে ডিবি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমউল্লাহ রিমান্ড শেষে কারাগারে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহকে আদালত রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে রাখার আদেশ দেন। কলিমউল্লাহকে গত ৭ আগস্ট ডিবি গ্রেপ্তার করে মোহাম্মদপুরের বাসা থেকে। সেইদিনই তার জামিন আবেদন খারিজ করা হয়। এরপর ২৭ আগস্ট আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহজ বিন ইসলাম আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করেন। কলিমউল্লাহর পক্ষে আইনজীবী মহসিন রেজা জামিন আবেদন করেন, কিন্তু দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুম তা বাতিলের পক্ষে অবস্থান নেন।

কলিমউল্লাহসহ পাঁচজনকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।