ইউক্রেনের অস্ত্রের প্রায় ৬০% দেশেই উৎপাদিত: প্রেসিডেন্ট জেলেনস্কি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের হাতে থাকা অস্ত্রের প্রায় ৬০ শতাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। শনিবার রাতে এক ভিডিও ভাষণে তিনি বলেন, “দুই মাস আগে দেশীয় অস্ত্র উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে।” তিনি জানান, ইউক্রেন এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে দেশীয় অস্ত্র ব্যবহারে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জেলেনস্কি আরও বলেন, “ইউক্রেনের স্বাধীনতার পর থেকে কখনও এত বড় পরিসরে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়নি।” তিনি জানান, ডেনমার্কের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে। চলতি বছরের জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদলের পর তিনি নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অন্তত অর্ধেক অস্ত্র দেশেই তৈরি করতে হবে। তার সেই নির্দেশনার বাস্তবায়ন এখন ফল দিচ্ছে।

বর্তমানে কিইভ বিশেষভাবে জোর দিচ্ছে ড্রোন উৎপাদন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারকরণে। ইউক্রেনীয় প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কম খরচে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে দেশটি এখন ‘ইন্টারসেপ্টর ড্রোন’ তৈরিতে মনোযোগী হচ্ছে। এ ধরণের প্রযুক্তি রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।