নির্বাচনে পরাজয়ের পর জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ ঘোষণা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কয়েকটি নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

৬৮ বছর বয়সী ইশিবা জানান, তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জরুরি নেতৃত্ব নির্বাচন করবে। গত এক বছরে সংসদের উভয় কক্ষে নির্বাচনে জোট সরকারের ভরাডুবি ঘটে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটাররা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন।

ইশিবা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ায় আমরা একটি বড় বাধা অতিক্রম করেছি। এখন দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার সময় এসেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক মন্ত্রী সানায়ে তাকাইচি এবং কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে আছেন। এলডিপি বর্তমানে সংসদের কোনো কক্ষে সংখ্যাগরিষ্ঠ নয়, তাই নতুন সভাপতি প্রধানমন্ত্রী হবেন এমন নিশ্চয়তা নেই। নতুন নেতৃত্ব দ্রুত নির্বাচনের ডাক দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইশিবার শেষ বড় পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা, যার মাধ্যমে জাপান ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কমাতে সম্মত হন।