জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এই রিট দায়ের করেন। রিটে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ও অসংগতির অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়েছে। চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় দেখা গেছে, মোট ১৭৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে মোট নারী প্রার্থী ৪৬ জন, যার মধ্যে জিএস পদে রয়েছেন ২ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আপনার মতামত লিখুন :