:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি বারবার ডিজেবল করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিযোগ জানানো হয়। সেখানে বলা হয়, সকালে একবার আইডি ডিজেবল হওয়ার পর পুনরায় চালু হলেও আবার তা বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, “আপনারা পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবিদকে থামাতে পারবে না।”
একই অভিযোগ তুলেছেন ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি গণমাধ্যমকে জানান, সাইবার আক্রমণের মাধ্যমে তার আইডিও ডিজেবল করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সাইবার অপরাধ বরদাস্ত করা হবে না। বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের প্রচারণাকালে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে, বিশেষত নারী প্রার্থীদের বিরুদ্ধে। যা মানবাধিকারের পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন, নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং বা অপপ্রচারে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :