ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরপরই আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি অভিযোগ করেন, প্রার্থীরা ব্যক্তিগতভাবে ছেলেদের হলের কেন্দ্রে প্রবেশ করছেন এবং পোস্টার-লিফলেট বিতরণ করছেন, যা ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে টিএসসি কেন্দ্র পরিদর্শনে এসে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এ প্রার্থী বলেন, “নারী শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের জন্য আনন্দের। অনাবাসিক ছাত্রীদের টার্নআউটও প্রত্যাশার চেয়ে বেশি। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।”
তবে একইসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “পোলিং এজেন্ট নিয়ে নানা জটিলতা হচ্ছে, ভোটের লাইন খুব ধীরগতিতে এগোচ্ছে। কেন্দ্রের ভেতরে প্রচুর আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এতে নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) কতটা নিশ্চিত হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।”
ভোটারদের ব্যাপক উৎসাহের কথা উল্লেখ করে তিনি আরও জানান, “ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর। তবে কিছু প্রার্থী নিয়ম ভঙ্গ করছেন বলে অভিযোগ পাচ্ছি। আমরা চাই নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।”
ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে।
আপনার মতামত লিখুন :