ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম বলেন, “ভোটকেন্দ্রে বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। আবার কোথাও একজন ভোটারকে দুইটি ব্যালট দেওয়ার অভিযোগও এসেছে।”
সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
এবার ডাকসু নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী।
এ ছাড়া ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ডাকসুতে ব্যালট এবার পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার।
আপনার মতামত লিখুন :