মেসিহীন ম্যাচে হারের লজ্জায় আর্জেন্টিনা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বিব্রতকর অভিজ্ঞতা সঙ্গী হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে ১-০ গোলে হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার ওপর লাল কার্ড দেখেছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইকুয়েডর। একাধিকবার রক্ষা করেন গোলরক্ষক এমি মার্টিনেজ। কিন্তু ৩১ মিনিটে প্রতিপক্ষকে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওতামেন্ডি। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ইকুয়েডর। স্পটকিক থেকে নির্ভুল শটে জাল কাঁপান ভ্যালেন্সিয়া।

বিরতির পর ইকুয়েডরের কাইসেদোও লাল কার্ড দেখেন। আর্জেন্টিনা একের পর এক পরিবর্তন নামালেও সমতায় ফিরতে পারেনি। এমনকি ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুনো মেসির ‘১০ নম্বর’ জার্সি পরে মাঠে নামলেও জ্বলে উঠতে পারেননি।

শেষ পর্যন্ত সেই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর। যদিও আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রেখেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও প্যারাগুয়ে পা রেখেছে আসরে।