দীর্ঘ ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে ২১টি কেন্দ্রে স্থাপিত ২২৪টি বুথে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলে একযোগে ভোট হবে। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহায়ক পোলিং অফিসার। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। এছাড়া ভ্রাম্যমাণ দোকান ও ক্যাম্পাস সংলগ্ন বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
একই সঙ্গে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি সেবা এবং স্টিকারযুক্ত যানবাহন প্রবেশের অনুমতি পাবে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
আপনার মতামত লিখুন :