ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পৃথক বিবৃতির মাধ্যমে তিন দেশ একসঙ্গে এই ঘোষণা দেয়, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার বিবৃতিতে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ও গাজায় হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যা দিয়ে বলেন, এই পরিস্থিতিতে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব গড়তে প্রস্তুত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে জানান, এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টারই অংশ, যা দ্বি-রাষ্ট্র সমাধানকে এগিয়ে নিতে সহায়তা করবে।
আন্তর্জাতিক মহল মনে করছে, এই স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করবে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে নতুন চাপ সৃষ্টি করবে।
আপনার মতামত লিখুন :