রাশেদ খান

এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান লিখেছেন, একীভূত হওয়ার বিষয়ে উভয় দলের মধ্যে ইতিবাচক আলোচনা হলেও প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। তার মতে, তরুণরা ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উদ্ভব হবে। তবে এ ক্ষেত্রে উভয় দলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ জরুরি।

তিনি আরও বলেন, “প্রণয় হয় কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে, আর অগ্রগতি হয় ছাড় দেওয়ার মাধ্যমে।” তাই এনসিপি ও গণঅধিকার পরিষদের সম্পর্ক বাস্তবায়নের দায়িত্ব উভয় দলের নেতাকর্মীর। অন্যথায় বহু মানুষের স্বপ্ন ভেঙে যাবে এবং জনগণ দলগুলোকে ধোঁকাবাজ মনে করবে।

ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে একীভূত হওয়ার প্রতি গণঅধিকার পরিষদ ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও উল্লেখ করেন সাবেক এই ছাত্রনেতা। পাশাপাশি তিনি অঙ্গসংগঠন ও কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।