সয়াবিন ও পাম তেল

সয়াবিন তেলের দাম বাড়াতে সরকারের সিদ্ধান্ত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দাম কতটা বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি প্রস্তাব দিয়েছেন। বিষয়টি পর্যালোচনার পর ব্যবসায়ীদের সঙ্গে আবার বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১,২০০ ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যৌক্তিক হারে মূল্যবৃদ্ধির বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।