যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সোমবারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হন। এ হামলা চালায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি শেখ হাসিনার সময়ে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত মনে করিয়ে দেয়। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়াই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।
এতে আরও জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দলের যাত্রাপথ পরিবর্তন করতে হওয়ায় বিমানবন্দরে পর্যাপ্ত সুরক্ষা ঘাটতি তৈরি হয়। তবে ঘটনার পরপরই বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এবং ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তও চলছে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে বা বিদেশে যেখানেই হোক, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব ঘটনায় আইনগত ও কূটনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে এবং প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :