জাতিসংঘ সাধারণ পরিষদ

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা, গাজায় আরও ৮৫ নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের স্পষ্ট যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় ১২ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন সাত নারী ও দুই শিশু।

গাজার আল-আহলি স্টেডিয়াম, যা যুদ্ধপীড়িত মানুষের অস্থায়ী আশ্রয়ে পরিণত হয়েছিল, সেখানেই ঘটে ভয়াবহ হত্যাযজ্ঞ। গাজা সিটি থেকে পালানো নাজওয়া নামের এক নারী হতাশ কণ্ঠে জানান—“আমাদের কিছুই নেই। ভয়ে আছি, কোথাও যাওয়া-আসাও ব্যয়বহুল। আমরা একেবারেই অসহায়।”

জাতিসংঘের দাবি, ইসরাইলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক ছড়িয়ে হাজারো মানুষকে দক্ষিণে পালাতে বাধ্য করছে। তবে ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির বলেন, “নিরাপত্তার স্বার্থেই ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়া হচ্ছে।” একইসঙ্গে তিনি জানান, গাজার বেশিরভাগ মানুষ ইতোমধ্যেই শহর ছেড়েছে এবং সেনারা অভিযানে আরও অগ্রসর হবে।

কিন্তু জাতিসংঘের অনুসন্ধান কমিশনের মতে, এই অভিযান আসলে ইসরাইলের স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার কৌশল।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে গাজা প্রসঙ্গে তীব্র সমালোচনা উঠে এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন—“যারা শিশু হত্যা করে ভয় দেখাচ্ছে, তারা মানবতার যোগ্য নয়।” সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন—“আমরা গাজার জনগণের পাশে আছি, এই যুদ্ধ এখনই থামাতে হবে।”

এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানান, শান্তি প্রক্রিয়ায় নীরব আলোচনায় কিছু অগ্রগতি হচ্ছে। জুলাইয়ে ১৪২ দেশ সমর্থন দেওয়া ‘নিউ ইয়র্ক ঘোষণা’-এর ভিত্তিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ আশাবাদ ব্যক্ত করে বলেন, ওয়াশিংটন “আশাবাদী, এমনকি আত্মবিশ্বাসী” যে আগামী কয়েক দিনের মধ্যেই শান্তি উদ্যোগে অগ্রগতির ঘোষণা আসবে। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২১ দফা শান্তি পরিকল্পনা ইতোমধ্যেই বিশ্বনেতাদের হাতে পৌঁছে গেছে।