শারদীয় দুর্গাপূজা

পর্যটন দিবসের আগেই কক্সবাজারে পর্যটকের ঢল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি সামনে রেখে ইতোমধ্যে কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছেন দেশি পর্যটকরা।

আগামী ১ অক্টোবর মহানবমী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী, আর ৩ ও ৪ অক্টোবর পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। এ সুযোগে আগেভাগেই অনেকে ছুটে যাচ্ছেন কক্সবাজারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকেই কক্সবাজার শহরের কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ঢাকার মিরপুর থেকে পরিবার নিয়ে আসা ব্যাংক কর্মকর্তা সায়েমুল হক বলেন, “কক্সবাজার দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। সুযোগ পেলেই এখানে চলে আসি।”

পর্যটন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সময়ে প্রায় সব হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। জেলা প্রশাসন ও হোটেল মালিক সমিতি নিরাপত্তা ও হয়রানি রোধে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।

এদিকে, সমুদ্র উত্তাল থাকায় সী-সেইফ লাইফ গার্ড পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। লাল পতাকা চিহ্নিত স্থানে নামতে নিষেধ করা হয়েছে এবং লাইফ গার্ডের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশও সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

অন্যদিকে, পূজা উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে ‘পূজা স্পেশাল’ নামে ৪ জোড়া ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।