তারেক রহমান

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশে একাধিকবার স্বৈরশাসনের উদ্ভব হয়েছে এবং জনগণের আন্দোলনে তা পতিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে স্বৈরাচার আবার ফিরে আসে। সাম্প্রতিক বছরগুলোতেও জনগণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। তবে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে নতুন করে লুকায়িত স্বৈরশাসনের উদ্ভব হতে পারে।

তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন। এখন দেশের পুনর্গঠনের জন্য ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। ঐক্য, দেশ ও পুনর্গঠন—এই তিনটি বিষয়কে সামনে রেখে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।