ভাষা সৈনিক

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, চিকিৎসক ও গবেষক আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার লাইফ সাপোর্টে নেওয়ার পর বৃহস্পতিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করা আহমদ রফিক ছিলেন চিকিৎসক পেশায়, তবে তিনি রবীন্দ্রচর্চায় আজীবন নিবেদিত ছিলেন। রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এই ভাষাসৈনিক বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বহু স্বীকৃতি লাভ করেছেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে।

২০০৬ সালে স্ত্রীকে হারানো আহমদ রফিক ছিলেন নিঃসন্তান। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণা মিলিয়ে শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন তিনি। ২০১৯ সাল থেকে তার দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে এবং ২০২৩ সালে প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন।

দেশ ও জাতির প্রতি অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।