হজ কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা থাকবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে প্রেরণ করেছে। এতে বলা হয়েছে, হজ নিবন্ধনের জন্য অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা রাখতে হবে। একই সঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত লেনদেনের পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হজ নিবন্ধনকারী যারা অর্থ জমা দিতে চাইবেন, তাদের সেবা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই থেকে শুরু হয়েছে এবং এটি ১২ অক্টোবর শেষ হবে। প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :