সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে।
মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেলের ডিপোর পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর উদ্ধার কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে সিলেট থেকে ঢাকাগামী ও অন্যান্য আন্তঃনগর ট্রেন যথারীতি চলাচল করছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :