এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় এ বিষয়ে প্রাথমিকভাবে একমত হন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ফল প্রকাশের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাবলিক পরীক্ষা আইনে নির্ধারিত সময় অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তাই ১৬ অক্টোবর ফল প্রকাশের প্রস্তাবটি সময়সীমার মধ্যেই পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।