লিবিয়া থেকে আজ দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে বেলা ১১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ ত্রিপলীতে তাদের বিদায় জানান। তিনি বলেন, “বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।”

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়ায় আটকে থাকা ও বিপদে পড়া অন্যান্য বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে।