বিএনপি নেতা ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে এই বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশরাক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
ইশরাকের মা ইসমত হোসেন বলেন, “হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পড়ানো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ইশরাক হোসেনের শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে পড়াশোনা শেষ করে কিছুদিন যুক্তরাজ্যে থেকে স্থানীয় গাড়ি সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের পর দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ইশরাক হোসেনও বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :