ইলিয়াস কাঞ্চন

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতে আবেগঘন রোজিনা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত। গেল আগস্টে লন্ডনে অস্ত্রোপচারের পর তিনি এখন হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়া-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বরে, তবে তাঁর সহ-অভিনেত্রী ও দীর্ঘদিনের সহকর্মী রোজিনা জানান, তিনি বিষয়টি অনেক আগেই, জুলাই মাসেই জানতে পেরেছিলেন।

রোজিনা বলেন, “আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, তবে দেখা হয়নি। কানাডায় যেতে হয়েছিল, কিন্তু সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তাঁর পরিবারের সঙ্গে।”

পরে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি লন্ডনে কাঞ্চনের সঙ্গে দেখা করেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে রোজিনা বলেন, “আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তাঁর সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও তাঁকে মানসিকভাবে খুব দৃঢ় মনে হয়েছে।”

তিনি আরও বলেন, “অসুস্থতার ধকলে কিছুটা দুর্বল দেখালেও কাঞ্চন নিয়মিত নামাজ পড়ছেন। ধীরে ধীরে কথা বলছেন, অনেক কিছু মনে রাখছেন, যদিও মাঝে মাঝে কিছু ভুলে যান। আমি তাঁকে ভালোই দেখেছি।”

সহকর্মী হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, “কাঞ্চনের সঙ্গে আমি বহু ছবিতে অভিনয় করেছি। তাঁর কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা আজও তাঁকে দর্শকের হৃদয়ে ধরে রেখেছে। মানুষ হিসেবেও কাঞ্চন ভীষণ ভদ্র, শান্ত ও মানবিক।”

তিনি আরও যোগ করেন, “চলচ্চিত্রের অনেকেই নানা বিতর্কে জড়ালেও কাঞ্চন সবসময় ইতিবাচক ও নীতিবান ছিলেন। হজে গেছেন, সমাজে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন গড়ে তুলেছেন— এগুলোই তাঁর মানবিকতার প্রতিচ্ছবি।”

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে সম্প্রতি মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাবা চিকিৎসাধীন আছেন, নিয়মিত চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না, বরং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।”