মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাউশি ভাঙলো, প্রতিষ্ঠা হচ্ছে পৃথক দুই অধিদপ্তর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। বিষয়টি প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। নতুন দুটি অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়নের জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর), এবং সদস্য সচিব হিসেবে থাকবেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগ এবং মাউশির সংশ্লিষ্ট উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা।

অফিস আদেশে কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে নবগঠিত অধিদপ্তরগুলোর কার্যতালিকা (Allocation of Business) প্রণয়ন, সাংগঠনিক কাঠামো (Organogram) প্রস্তুত, কর্মবণ্টন নির্ধারণ এবং অফিস টেবিল ও সরঞ্জাম (TO&E) নির্ধারণ করা।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই পুনর্গঠন মাধ্যমে মাধ্যমিক ও কলেজ শিক্ষার কার্যক্রম আরও স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।