ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ

মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (১২ অক্টোবর) গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত ১২টার পর শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েমসহ অন্যান্য ছাত্রনেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টহল জোরদার করেছে।

তবে, কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।