বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ফরোয়ার্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট–এর আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় ৩০ কোটি টাকার ফান্ড পেতে যাচ্ছে দেশের প্রথম টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য। তবে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
এই আশঙ্কা নাকচ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, “ফান্ড ফেরত যাওয়ার মতো পরিস্থিতি হবে না।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর স্টেডিয়ামে ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কৃত্রিম ঘাসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
প্রায় তিন বছর আগে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে জমি নির্ধারিত হলেও পরে রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ায় বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আসিফ মাহমুদ বলেন, “এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিংয়ে আছে। আশা করছি দ্রুতই বিষয়টি সমাধান হবে এবং আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করতে পারব।”
বাফুফে প্রতিষ্ঠার ৫৩ বছর পরও নিজস্ব মাঠ না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ফিফার অর্থায়নে এই টেকনিক্যাল সেন্টার হলে দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকল্পে থাকবে একটি ঘাসের মাঠ, একটি কৃত্রিম টার্ফ, জিমনেসিয়াম, সুইমিংপুল ও ফুটবলারদের জন্য একাডেমিক ভবন—যা দেশের ফুটবলারদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :