ইসরাইলি বাহিনী

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় নতুন করে ইসরাইলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুটি স্থানে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ফিলিস্তিনিরা গাজা সিটি হয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। ঠিক সেই সময়ই ইসরাইলি বাহিনীর গুলিতে তারা প্রাণ হারান।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে এসেছিলেন। সন্দেহভাজন মনে করেই গুলি ছোড়া হয়।

অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তাদের মরদেহ আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরাইলি জিম্মিকে জীবিত মুক্তি দেয়, বিনিময়ে ইসরাইল প্রায় ১,৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। বন্দিদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় অসংখ্য মানুষ।

উল্লেখ্য, দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত আকস্মিক হামলায় প্রায় ১,২০০ ইসরাইলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিলেন। তার জবাবে ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এখনও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।