রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরপন্থী প্যানেলের বড় জয়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন এস এম সালমান সাব্বির। এছাড়া সংস্কৃতি সম্পাদক হয়েছেন জায়িদ হাসান জোহা, মহিলা সম্পাদক সাইয়িদা হাফছা, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলামসহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে শিবিরপন্থী প্যানেল।

স্বতন্ত্র ও অন্য সংগঠনের প্রার্থীদের মধ্যে কেবল দুটি পদে জয় এসেছে— ক্রীড়া সম্পাদক হয়েছেন ছাত্রদল মনোনীত নারগিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ।

এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচজনের মধ্যে তিনজনই শিবিরপন্থী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির। বাকি দুই সিনেট সদস্য হলেন সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এই বিপুল বিজয়কে অনেকে ‘একচ্ছত্র আধিপত্যের প্রতিফলন’ হিসেবে দেখছেন।