রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় বসছেন পুতিন ও ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিতে শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার এক ফোনালাপে এ বিষয়ে সম্মত হন দুই নেতা। খবর বিবিসি।

ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার ফোনালাপটি ছিল “অত্যন্ত ফলপ্রসূ।” তিনি বলেন, ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তারা আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন। যদিও বুদাপেস্টে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ হয়নি, তবে ক্রেমলিন জানিয়েছে, “খুবই স্পষ্ট ও গঠনমূলক” ফোনালাপের পর শীর্ষ সম্মেলনের প্রস্তুতি অবিলম্বে শুরু হবে।

এই ফোনালাপটি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে। ট্রাম্প বর্তমানে বিবেচনা করছেন, তিনি ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন কি না।

ওয়াশিংটনে পৌঁছে জেলেনস্কি বলেন, মস্কো ‘টমাহক’ ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ শুনেই সংলাপ পুনরায় শুরু করতে আগ্রহ দেখাচ্ছে।

ফোনালাপ শেষে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, “আমরা ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ের রাশিয়া-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা করেছি।”

তিনি আরও জানান, আগামী সপ্তাহে উভয় দেশের উচ্চপর্যায়ের উপদেষ্টারা একটি অনির্দিষ্ট স্থানে বৈঠক করবেন, যেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “আমরা আমাদের টমাহক মজুদ কমাতে পারি না, এগুলো আমাদেরও প্রয়োজন… তাই এখনই কোনো সিদ্ধান্ত বলা যাচ্ছে না।”

এর আগে গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছিল, যেখানে শান্তিচুক্তি বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এরপর থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের প্রতি তুলনামূলক কঠোর অবস্থান নেন।