যুদ্ধবিরতি লঙ্ঘন

ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই এই হামলায় যুদ্ধবিরতির শর্ত স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক গাড়িতে ইসরায়েলি ট্যাংকের গোলা নিক্ষেপ করে দখলদার বাহিনী। তারা গাড়িতে করে নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। তিনি বলেন, “তাদের সতর্ক করা যেত, কিন্তু দখলদার বাহিনী বরং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে, যা তাদের নির্মমতার প্রমাণ।”

সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের সহায়তায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ। বিস্ফোরণের তীব্রতায় তাদের দেহাবশেষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে হামাস। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে যেন যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয়।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেও শনিবার পর্যন্ত অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তাও কঠোরভাবে সীমিত করে রাখা হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় অর্ধেক জনগণ এখন দৈনিক ছয় লিটারেরও কম পানযোগ্য পানি পাচ্ছেন, যা ন্যূনতম মানের চেয়েও কম। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তারা প্রতিদিন গড়ে ৫৬০ টন খাদ্য পাঠাতে পারছে, যা দুর্ভিক্ষ ও অপুষ্টি রোধে প্রয়োজনের তুলনায় অনেক কম।