‘বেহুলা দরদী’ সিনেমার সংগীত পরিচালনায় নির্ঝর চৌধুরী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

গ্রামীণ লোকসংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বেহুলা দরদী’। টাঙ্গাইল অঞ্চলের ঐতিহ্যবাহী বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন সবুজ খান। আগামী ৩১ অক্টোবর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্র।

সম্পূর্ণ সংগীতনির্ভর এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী। এতে মোট চারটি গান রয়েছে। এর আগে তিনি পদ্মাপুরান, ফুলজান ও বিফোর আই ডাই ছবিতে সংগীত পরিচালনা করেছেন। বর্তমানে তার সংগীতে মুক্তির অপেক্ষায় আছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ এবং রাখাল সবুজের ‘সর্দারবাড়ির খেলা’।

‘পদ্মাপুরান’ চলচ্চিত্রে নির্ঝরের সংগীতে গাওয়া ‘দেখলে ছবি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চন্দনা মজুমদার। নতুন ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু, রোকসানা রূপসা, দোয়েল রাজা ও নির্ঝর চৌধুরী নিজেও। গানগুলোর কথা লিখেছেন ওয়ালদ হাসান।

নির্ঝর জানান, বড় পরিসরে চলচ্চিত্রটির সংগীত বিন্যাসের কাজ সম্পন্ন হয়েছে। এতে তার সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার রাফাত, শাহরিয়ার আলম মার্সেল, মিনহাজ জুয়েল ও মোস্তাকিম বিল্লাহ।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া আরও আছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল ও সানজিদা মিলা। টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ণ হয়েছে। প্রযোজনায় রয়েছে উৎসব অরিজিনালস।