সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের দেশত্যাগ রোধে পদক্ষেপ নিয়েছে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামিদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা দেশ ছাড়তে না পারেন।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওসি বলেন, মামলার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের সহায়তায় অভিযান চলছে। কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মামলার তদন্তে কোনো ধরনের বাহ্যিক চাপ নেই। খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর, গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন — সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদনে এটি আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে।