যুক্তরাষ্ট্র অবৈধভাবে সেখানে বসবাসের অভিযোগে ৫৪ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। রোববার ভোরে হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে হরিয়ানা রাজ্যের ৫০ তরুণকে ভারতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। খবর এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, দেশে ফেরত আসা এই তরুণরা সবাই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এদের মধ্যে কর্ণাল জেলার ১৬ জন, কৈথাল ১৫ জন, আম্বালা ৫ জন, যমুনা নগর ও কুরুক্ষেত্র ৪ জন করে, জিন্দ ৩ জন, সোনিপত ২ জন, এবং পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদ থেকে একজন করে রয়েছেন।
কর্ণাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানিয়েছেন, সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে হরিয়ানার ৫০ জন রয়েছেন, যা মূলত ‘ডংকি রুটে’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।”
পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন কর্তৃপক্ষ শত শত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :