বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিশেষ বিজ্ঞপ্তি ১০


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১,২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১,১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।