স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ টাকার ওপরে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

টানা চার দফা কমানোর পর আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাফে বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। এর ফলে দেশের বাজারে আবারও ভরিপ্রতি স্বর্ণের দাম ২ লাখ টাকার সীমা অতিক্রম করেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা—যা আগেরদিন ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
২১ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।