বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন করপোরেট দুনিয়ার পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। এর মাধ্যমে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন সম্পূর্ণ হলো।

এনএসসি সাধারণত দুজন কাউন্সিলর মনোনীত করে। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি মনোনীত দুই কাউন্সিলরের একজন ইসফাক আহসান পদত্যাগ করায়, তার স্থলেই রুবাবাকে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় রুবাবা দৌলা এতদিন দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল-এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে কর্মরত অবস্থায় (১৯৯৮–২০০৯) তিনি জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও অবদান রাখেন।

করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবা দৌলা দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে রুবাবা দৌলার যোগদানের সম্ভাবনা রয়েছে। এনএসসি থেকে মনোনীত অপর কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।